ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তাঁর নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না পারে এ বিষয়ে দুই উপজেলার সরকারি দপ্তরগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে সরকারি প্যাডে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) জারি করা ওই নির্দেশনায় নগরকান্দা ও সালথা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশ্যে বলা হয়, বিভিন্ন সরকারি অফিসে মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে এমন অভিযোগ পাওয়া গেছে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি যদি মন্ত্রীর নাম ব্যবহার করে সুপারিশ, তদবির বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে তা গুরুত্বসহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নগরকান্দা ও সালথা উপজেলার প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও এ সতর্কবার্তার অনুলিপি পাঠানো হয়েছে। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শিক্ষা কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, নির্বাচন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, পোস্টমাস্টার, সাব-রেজিস্ট্রার ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রয়েছেন।
এ বিষয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাধারণ মানুষকে হয়রানি ও বিভ্রান্তি থেকে রক্ষা করতেই এ সতর্কতা জারি করা হয়েছে।
তিনি বলেন, কেউ যদি তাঁর নাম ভাঙিয়ে কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এম