তিস্তা মহাপরিকল্পনার কাজ শীঘ্রই শুরু হবে: ত্রাণমন্ত্রী

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয় উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলমান। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে।

শনিবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, শীতসহ তিন ধরনের দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। গাজীপুরে দুর্যোগ বিষয়ক গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে দেশি ও আন্তর্জাতিক গবেষকরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করবেন।

মন্ত্রী আরও জানান, চলতি বছরে মন্ত্রণালয়ের আওতায় সারাদেশে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে, যার মধ্যে কুড়িগ্রামও অন্তর্ভুক্ত। টিআর ও কাবিখা কর্মসূচি চলমান রয়েছে। ভবিষ্যতে কোনো এলাকায় বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলে বিশেষ ত্রাণ (জিআর) প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশ্বকড়াই উদ্বোধনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন দুর্যোগকালীন সময়ে অসহায়দের জন্য খাদ্য রান্না ও বিতরণের কার্যক্রম করবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ