কক্সবাজার শহরে ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানের ভেতরে কবিতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকায় অবস্থানকালে দুই যুবক খোরশেদ আলমের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তার পেট, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাস্থলে তার সঙ্গে থাকা এক তরুণীকেও হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনার সময় খোরশেদের সঙ্গে থাকা তারিন নামের ওই তরুণী জানান, হঠাৎ দুই যুবক এসে খোরশেদকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং কাছে থাকা জিনিসপত্র দিতে বলে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
ঘটনার পর রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীরা। মিছিল শেষে পুরোনো শহীদ মিনার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
নিহত খোরশেদ আলম কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এম