খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুনকে কুপিয়ে হত্যা

  • খুলনা ব্যুরো: | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে (৪৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘হিল ক্যান্টিনে’ এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় হুমায়ুন কবির নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে অতর্কিতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হুমায়ুন কবিরের ওপর হামলা চালান। তাঁরা তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এসএইচ