গাইবান্ধায় জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে নিজের বাবার কবর ভাঙচুরের অভিযোগ উঠেছে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গাইবান্ধা সদর উপজেলা-এর খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল মান্নান মিয়া জীবিত অবস্থায় তার প্রায় ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। বণ্টন অনুযায়ী, বাবার কবরস্থানটি দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার অংশে পড়ে।
তবে ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর অভিযোগ, জমি বণ্টনে তাকে কম দেওয়া হয়েছে। এই ক্ষোভ থেকেই তিনি মঙ্গলবার দুপুরে কবরের ওপর উঠে বেড়া ও স্থাপনা ভাঙচুর করেন এবং জায়গাটিকে নিজের দাবি করেন।
গ্রামবাসীরা এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, পিতার কবরের প্রতি এমন আচরণ সমাজের জন্য লজ্জাজনক এবং এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।
এলাকাবাসীর আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হওয়ায় এলাকায় প্রভাব খাটান এবং কেউ প্রতিবাদ করলে হুমকি দেন।
খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেন, একজন সন্তানের পক্ষ থেকে পিতার কবরের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে শাহ আলম মিয়া শালুর বক্তব্য জানা যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এম