চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জ্বালানি তেলের সরবরাহজনিত ভোগান্তি কমাতে চালু হয়েছে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন স্মার্টফোনে এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে, কোথায় সরবরাহ চলছে এবং মজুতের সর্বশেষ অবস্থা কী।
সিস্টেমটি স্বেচ্ছায় ডেভেলপ করেছেন ফটিকছড়ির তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু (স্পেস কাহাফ)। স্থানীয় মানুষের সুবিধার্থে তার উদ্যোগে এবং ফটিকছড়ি ডট কমের কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, এই সিস্টেম সাধারণ মানুষের জন্য সহজ ও কার্যকর একটি সেবা। মানুষ এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এমন উদ্যোগ স্থানীয় সেবাকে আধুনিক করতে সহায়ক হবে এবং নাগরিকদের সময় ও শ্রম সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, স্মার্টফোনে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে সার্চ অপশনে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ লিখলেই এটি ব্যবহার করা যাবে। লিংকে প্রবেশের পরই দেখা যাবে ফটিকছড়ি উপজেলার কোন পাম্পে বর্তমানে তেল পাওয়া যাচ্ছে, কোথায় কখন সরবরাহ দেওয়া হবে এবং মজুত পরিস্থিতি কেমন।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ বাস্তবায়নের ফলে অপ্রয়োজনীয়ভাবে পাম্পে ঘুরে বেড়ানোর প্রবণতা কমবে এবং জ্বালানি সংগ্রহ আরও সহজ হবে।
এসএইচ