সিদ্ধিরগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক সরকারি কর্মকর্তার বাসায় ঢুকে পরিবারের সকলের হাত-পাঁ বেধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৩টায় জালকুড়ি সিমা ডাইং এলাকায় গোলাম মোর্শেদের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত।
জানা গেছে, সাত-আটজনের একটি ডাকাত দল বাসায় ঢুকে স্বামী-স্ত্রীসহ পরিবারের সকলকে একটি রুমে হাত-পাঁ বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ঘরের অন্যান্য জিনিসপত্রসহ প্রায় পৌণে এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগীরা জানায়, বাড়ির পিছনের বারান্দার গ্রিল কেটে ৬-৭ জনের ডাকাত দল ঘরের ভিতরে ঢোকে। তারপর গোলাম মোর্শেদসহ তার স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে একটি রুমে সকলকে আটকে রাখে। এসময় ডাকাতরা চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের সব আলমারীর চাবি কেড়ে নেয়। প্রায় বিশ মিনিট ডাকাতি করে তারা ঘরের স্বর্ণালঙ্কারসহ নানা জিনিসপত্র লুট করে।
বাড়ির মালিকের ছেলে মায়েজ ইবনে মোর্শেদ বলেন, নগদ আড়াই লক্ষ টাকা, ৩২ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি ঘড়ি, দামী শাড়ী, জুতা, জামা-কাপড় নিয়ে গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তদন্ত করে দেখছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিএস