ভোলা: ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক ব্যক্তি একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি (দালাল) হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে এক ব্যক্তি তৃতীয় তলার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান বলেন, “হাসপাতালে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পিএস