নলডাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

  • নাটোর প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৩:৫৩ পিএম
ফাইল ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় খোদেজা বেগম (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষিকোল টুলটুলিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খোদেজা বেগম একই গ্রামের নুর আলমের স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের অভিযোগ, খোদেজা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয়দের ভাষ্য, মরদেহে গলা, কোমর, হাত ও কপালের পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা হত্যার সন্দেহকে জোরালো করছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বামী নুর আলম ও তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, খোদেজা বেগম স্ট্রোক করে মারা গেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এসএইচ