কুষ্টিয়া: ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে এক আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কথিত পীর আব্দুর রহমান ওরফে শামিম (৬৫) নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর দৌলতপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ওই আস্তানায় হামলা করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আস্তানায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে আছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুর রহমান ওরফে শামিমের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি ধর্ম নিয়ে কটূক্তি করেছেন, এমন অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে শামিমসহ কয়েকজন আহত হন। পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন।
শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের মাস্টারের ছেলে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেছেন, “আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন। অন্যদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।”
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানিয়েছেন, তারা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা তারা দেখেছেন। ভিডিওটি পুরনো বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি দেখে ধর্মপ্রাণ মুসল্লি ও বিক্ষুব্ধ এলাকাবাসী শামিমের আস্তানায় হামলা চালায় ও অগ্নিসংযোগ করে।
পিএস