নারায়ণগঞ্জে দীর্ঘদিনের দাবির পর অবশেষে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। সোমবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এ অভিযান শুরু হয়।
এর আগে নগর ভবন থেকে ড্রাম ট্রাক, রেকারসহ অভিযান পরিচালনায় নামে সিটি করপোরেশন প্রশাসন। উচ্ছেদ অভিযানের সমর্থনে নগর ভবনের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমাগম হয়।
পরে সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের উপস্থিতিতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক হয়ে মণ্ডলপাড়া, ২ নম্বর রেলগেটসহ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চাষাড়া এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এরপর শুরু হয় হকার উচ্ছেদ অভিযান।
অভিযান চলাকালে প্রশাসক সাখাওয়াত হোসেন খান হকারদের ফুটপাতে না বসার আহ্বান জানান। তিনি বলেন, নির্দেশনা অমান্য করে কেউ ফুটপাতে বসলে তাদের মালামাল জব্দ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, হকারদের পুনর্বাসনের বিষয়েও আলোচনা চলছে এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। এ অভিযানের পর শহরের ফুটপাত দখলমুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অভিযানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএইচ