পিরোজপুরে পহেলা বৈশাখে ছাত্রশিবিরের ব্যতিক্রম উদ্যোগ

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:৪৫ এএম

পহেলা বৈশাখ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার একটি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কে এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান খান। প্রধান বক্তা ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাসিম সাঈদী।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. হাসিব, পিরোজপুর পৌর সভাপতি রফিকুল ইসলাম রাকিব, জিয়ানগর উপজেলা সেক্রেটারি হাফেজ আলী আজিম এবং উপজেলা অফিস সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক দক্ষতা অর্জন করলেই চলবে না, বরং সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা ভবিষ্যৎ ক্যারিয়ারের ভিত্তি হিসেবে কাজ করে। তাই পরীক্ষার পূর্ববর্তী সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে নিজেদের প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান তারা।

এ সময় বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে দক্ষ ও সৎ মিডিয়া কর্মী গড়ে তোলার প্রয়োজন রয়েছে। 
অনুষ্ঠান শেষে শতাধিক পরীক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং তাদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 

এম