খাল খননে কৃষকের ভাগ্য বদল সম্ভব: হুইপ দুলু

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষকদের ভাগ্যের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, আর কৃষির মূল ভিত্তি হলো পানি, যা সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য খাল পুনখনন অত্যন্ত জরুরি।

শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার হালসা-হেলেঞ্চা খাল পুনখনন ও ভাদুড়ী-যামিনী খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রায় পাঁচ দশক আগে কৃষি উন্নয়নের যে কর্মসূচি নিয়েছিলেন, তা আজও প্রাসঙ্গিক। বর্তমান নেতৃত্বে তারেক রহমান খাল খনন কর্মসূচিকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

দুলু বলেন, খরা মৌসুমে পানি সংকট, নদীর প্রবাহ কমে যাওয়া এবং আন্তঃনদী ব্যবস্থাপনার জটিলতায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করে কৃষিকে টেকসই করা সম্ভব হবে।

প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এ খাল খনন প্রকল্প কৃষকদের সেচ সুবিধা বাড়াবে এবং ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এর আগে তিনি রাহবারে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আয়োজনে হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসএইচ