চাঁদাবাজির মামলায় ছেলেসহ বিএনপি নেতা কারাগারে

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি : প্রতিনিধি

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার বিএনপির এক নেতা ও তার ছেলেকে চাঁদাবাজি, লুটপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগে দায়ের করা মামলায় আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আয়শা আক্তারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন জাজিরা উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবর। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার মানিকনগর এলাকার বাসিন্দা ছোবহান মাদবরের কাছে সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবর ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত বছরের ২ ডিসেম্বর রাতে কাজীরহাট এলাকার ছোবহান মাদবরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল লুট, নগদ অর্থ আত্মসাৎ এবং প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে দোকানঘর দখল করে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করলেও মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে গত বছরের ১২ ডিসেম্বর শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করা হলে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত সুরুজ মাদবর ও স্বাধীন মাদবরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারির পরও দীর্ঘদিন তারা প্রকাশ্যে চলাফেরা করলেও গ্রেফতার না হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। সে সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ দাবি করেছিলেন, আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। পরে জানা যায়, তারা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন কিন্তু জামিন পাননি। পরে গত এপ্রিল মাস থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তারা।

জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সুরুজ মাদবর ও স্বাধীন মাদবর। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের দাবি, এখন মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত হলে তারা ন্যায়বিচার পাবেন।

পিএস