তেল নিয়ে বাইকারদের জন্য বড় সুখবর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:২১ পিএম
ফাইল ছবি

দেশে জ্বালানি সরবরাহব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানী ঢাকার আরও ১৮টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ কার্যক্রম সম্প্রসারণ করেছে সরকার। এতে মোটরসাইকেল চালকদের ভোগান্তি কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা জেলায় নতুন করে ১৮টি পেট্রল পাম্পে এই পাইলট কার্যক্রম চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা বিস্তৃত করা হবে।

নতুন তালিকায় থাকা পাম্পগুলোর মধ্যে রয়েছে শ্যামলীর করিম অ্যান্ড সন্স, মিরপুর-১-এর ইস্টার্ন এন্টারপ্রাইজ, উত্তরার গাজীপুর ট্রেডার্স, তেজগাঁও শিল্প এলাকার সাত্তার অ্যান্ড কোম্পানি, মিরপুর-১০-এর রহমান ফিলিং স্টেশন, মহাখালীর রশিদ ফিলিং স্টেশন, বাড্ডার সেবা ফিলিং স্টেশন ও কাজীপাড়ার সুমাইয়া ফিলিং স্টেশনসহ আরও কয়েকটি পাম্প।

এর আগে ১৩ এপ্রিল রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

জ্বালানি বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করা হয়েছে, যা প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিকদের জন্য উন্মুক্ত। সফল হলে ধাপে ধাপে সব ধরনের যানবাহনের জন্য এটি চালু করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আসবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

এসএইচ