নকল মেডিকেটেড সাবান বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১১:৫৩ এএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আমদানিকৃত ব্র্যান্ডের নকল মেডিকেটেড সাবান বিক্রির দায়ে ‘সীমান্ত মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পৌর শহরের কে এম লতীফ মেডিসিন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেখা যায়, ওই ফার্মেসিতে আমদানিকৃত দুটি মেডিকেটেড সাবানের নকল সংস্করণ দীর্ঘদিন ধরে বিক্রি করা হচ্ছিল। সাবান দুটি হলো— Silkin P Soap (সিলকিন পি সোপ), যা স্ক্যাবিস বা চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত পারমিথ্রিন (Permethrin) যুক্ত সাবান এবং Kiton Soap (কিটন সোপ), যা অ্যালার্জি ও ছত্রাকজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত কিটোকোনাজল (Ketoconazole) যুক্ত সাবান। 

অভিযোগ রয়েছে, আসল সাবানের মোড়ক ও নকশা হুবহু নকল করে এসব পণ্য ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল। ফলে সাধারণ রোগীরা আসল ওষুধ ভেবে নকল পণ্য কিনে আর্থিকভাবে প্রতারিত হওয়ার পাশাপাশি তাদের চর্মরোগ নিরাময়ের পরিবর্তে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছিল।

সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, নকল ওষুধ সামগ্রী মজুত ও বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫(ক) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ফার্মেসি থেকে ৩১টি নকল পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় এ ধরনের প্রতারণামূলক কাজ করে থাকে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম