অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতি মামলায় স্ত্রীসহ বিএনপি নেতা কারাগারে

  • ঠাকুরগাঁও প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম বাবলু এবং তাঁর স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাবিবুল ইসলাম বাবলু রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হিসেবেও পরিচিত।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া দম্পতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার সুনির্দিষ্ট মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী বাবর আল মাসুদ জানান, ঢাকার একটি কোম্পানির সঙ্গে হাবিবুল ইসলাম বাবলু ও তাঁর স্ত্রী আইরিন আক্তারের ২ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন ছিল। পাওনা টাকা ফেরত দিতে তাঁরা দীর্ঘদিন ধরে তালবাহানা করে আসছিলেন। একপর্যায়ে হাবিবুল ইসলাম বাবলু একটি চেক প্রদান করেন, যা পরে জাল বলে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে গুলশান থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আজিজ মাহমুদ বলেন, নিয়মিত মামলায় স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছিল। পরে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাবিবুল ইসলাম বাবলু ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ পূর্বপারপুগী এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি জেলায় ব্যবসায়িক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এসএইচ