ফিলিং স্টেশনে মেম্বারের দাপট, কর্মচারীকে মারধরের অভিযোগ

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় একটি পেট্রোলপাম্পে স্থানীয় এক জনপ্রতিনিধির বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জোরপূর্বক তেল নেওয়া ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল্লাহ মেম্বারের দাপটের কাছে ‘আলী’জ ড্রিম ফিলিং স্টেশন’-এর কর্মচারীরা অসহায় হয়ে পড়েছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই ফিলিং স্টেশনে এসে আব্দুল্লাহ মেম্বার কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করেন। তিনি নিয়মবহির্ভূতভাবে অন্যের মোটরসাইকেলে তেল দিতে বাধ্য করেন। এক কর্মচারী এতে আপত্তি জানালে তাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ উঠেছে। পরে তিনি টাকার বিনিময়ে বিষয়টি মিমাংসার চেষ্টাও করেন।

পেট্রোলপাম্পের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, মেম্বারের প্রভাবের কারণে তারা আতঙ্কে রয়েছেন। তাদের দাবি, এমন ঘটনা নতুন নয়; প্রায়ই তিনি এসে নিজের ইচ্ছামতো তেল নেন এবং নিয়মনীতি ভঙ্গ করেন। ঘটনার পর থেকে পাম্পের কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আলী'জ ড্রিম ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার সুমন আলী বলেন, প্রতিষ্ঠানে সব সময় নিয়ম মেনেই তেল বিক্রি করা হয়। তবে কর্মচারীদের সঙ্গে অসদাচরণ এবং জোরপূর্বক তেল নেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

এ বিষয়ে আব্দুল্লাহ মেম্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, ফিলিং স্টেশনে জোরপূর্বক তেল নেওয়া ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ