বরিশাল: বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বরিশাল গৌরনদী হাইওয়ে থানার পুলিশ জানায়, নিহতরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) এবং তার ছেলে রুবেল কাজীর মেয়ে আরফা (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করার সময় মহাসড়ক পারাপাররত দাদি ও নাতিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
পিএস