লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গাড়ি থামিয়ে গভীর রাতে সড়কে চাঁদাবাজির ঘটনায় জাকির হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। তার গায়ে লক্ষ্মীপুর পৌরসভার পৌর টোলের ড্রেস দেখা যায়।
বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে জাকিরকে হাতেনাতে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, জাকির সড়কে দাঁড়িয়ে চলন্ত ট্রাক থামিয়ে চালকদের কাছে চাঁদা দাবি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। তাকে সদর মডেল থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, সড়কে চাঁদাবাজির সময় জাকির নামে একজনকে হাতে-নাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিএস