বসতবাড়ি থেকে সরকারি চাল উদ্ধার, জড়িতদের খুঁজছে প্রশাসন

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১১:১৮ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি ৭৮০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার ( ১৫ মে )  দিবাগত রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ‘ইতালি বাড়ি’ নামে পরিচিত ইমরান হোসেনের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় সংরক্ষিত চাল জব্দ করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে আরও ২৪টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চালগুলো জেলেদের মাঝে বিতরণের জন্য সরকারি বরাদ্দের ছিল বলে নিশ্চিত করেছে প্রশাসন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ জানান, খবর পেয়ে রাতেই অভিযান পরিচালনা করা হয়। তবে বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্যরা অবস্থান করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা চক্র এসব চাল সেখানে মজুদ করেছিল।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এম