রাজশাহীতে বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৫:০৪ পিএম

রাজশাহী: রাজশাহীতে বিএনপি, ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের এক হাজারের বেশি নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তারা নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কুয়েত শাখার সাধারণ সম্পাদক ও তানোর উপজেলার মুন্ডুমালার বাসিন্দা সাইফুল ইসলাম, রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি জিয়াউর রহমান, গোদাগাড়ী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং বাগমারা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির নেত্রী মনিরা শারমিন। তিনি বলেন, “ক্ষমতা নয়, জনতাই এনসিপির মূল শক্তি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ক্ষমতা ছেড়ে জনগণের মাঝে এসেছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও তিনি সরকারি গাড়ি গ্রহণ করেননি। এ থেকেই প্রমাণ হয়, এনসিপি প্রতিশ্রুতি রক্ষা করতে বিশ্বাসী।”

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, “গণঅভ্যুত্থানে রাজশাহীর মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজশাহীবাসী কখনো সন্ত্রাস ও দখলদার রাজনীতিকে প্রশ্রয় দেয়নি। ভবিষ্যতেও তারা একই অবস্থানে থাকবে। এনসিপির নেতাকর্মীরাও কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আতিকুর রহমান।

পিএস