চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখের বেশি পশু

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০১:১৭ পিএম
ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আগে থেকেই পুরোদমে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটগুলোতে। এরই মধ্যে জেলার ৫টি উপজেলায় খামার ও পারিবারিক পর্যায়ে পশু লালন-পালনে ব্যস্ত সময় পার করছেন পশু পালনকারী ও খামারিরা ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার প্রায় সবগুলো পশুর হাট ও বাইরের জেলা থেকে অনেক পাইকার পশু ক্রয়ের জন্য আসছেন। ঠিক তেমনি স্থানীয়রাও কিন্তু তাদের পছন্দমতে কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে পিছিয়ে নেয়। এদিকে এবছর চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি রয়েছে বলে জানিয়েছে চাঁপাইনববগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

[270539]

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় ছোট-বড় মিলিয়ে ২ লাখ ২৬ হাজার ৫০টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। আর জেলায় কোরবানির পশুর চাহিদা হচ্ছে ১ লাখ ৬৭ হাজার ২০২টি পশু। ফলে জেলায় উদ্বৃত্ত রয়েছে ৫৮ হাজার ৮৪৮টি পশু।

পশু গুলোর মধ্যে ৪৩ হাজার ৮২৪ টি ষাঁড়, ৩৬ হাজার ৩৩১ টি বলদ, ৩৬ হাজার ৮৫৫ টি গাভী, ৫০৬ টি মহিষ, ৮৪ হাজার ৮০১ টি ছাগল ও ১২ হাজার ৯২২ টি ভেড়া রয়েছে। এছাড়াও ৫ টি অন্যান্য পশু রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শারমিন আক্তা সোনালীনিউজকে বলেন, এ বছর কোরবানির ঈদে জেলায় কোরবানি পশু প্রস্তুত আছে ২ লাখ ২৬ হাজার ৫০ টি। আর চাহিদা হচ্ছে ১ লাখ ৬৭ হাজার ২০২টি পশু। ফলে জেলায় এখন পর্যন্ত আমাদের চাহিদা অনুযায়ী উদ্বৃত্ত রয়েছে ৫৮ হাজার ৮৪৮টি পশু।

এসআই