বাবা মৃত্যুশয্যায়, আর সেই বাবার জীবনের শেষ সময়ে পরিবারের সম্মান রক্ষা ও ঋণের বোঝা মুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক যুবক। অটোভ্যানে মাইকিং করে উপজেলা শহরসহ বিভিন্ন এলাকায় বাবার ঋণ পরিশোধের ঘোষণা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের কাপড় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আবুর হোসেন (৯০) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী রয়েছেন। গত সাত মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। বাবার জীবদ্দশাতেই তার সকল দেনা-পাওনা পরিশোধ করতে উদ্যোগ নেন ছেলে মারুফ হোসেন (৩৮)।
রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমেও মারুফ হোসেনের এই মানবিক উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে সন্তানের দায়িত্ববোধ ও পারিবারিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
শনিবার দিনব্যাপী একটি অটোভ্যানে মাইকিং করে তিনি ঘোষণা দেন তার বাবার কাছে কারও কোনো পাওনা থাকলে যেন যোগাযোগ করা হয়। বাবার ঋণ পরিশোধ করে তাকে দুশ্চিন্তামুক্ত রাখতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
ছেলে মারুফ হোসেন বলেন, আমার বাবা গত সাত মাস ধরে মৃত্যুশয্যায় আছেন। বাবা ঋণ রেখে মারা যাবে, এটা আমি চাই না। আমি মনে করি, প্রত্যেক ছেলে-মেয়ের উচিত বাবা-মা বেঁচে থাকতে তাদের দায়-দেনা পরিশোধ করা। এতে তারা মানসিক শান্তি পায়। তার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, বর্তমান সময়ে এমন দায়িত্বশীল ও মানবিক উদ্যোগ খুব কম দেখা যায়। একজন ছেলে বাবার সম্মান রক্ষায় যেভাবে এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়।
এম