নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত

  • বান্দরবান প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি : প্রতিনিধি

​বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিন ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪১ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামের সুনইয়ং চাকমার ছেলে লেয়ারা (৪১), নিওমং চাকমার ছেলে অংকেমং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংকা অং (৪০)।

​স্থানী সূত্র ও জনপ্রতিনিধিরা জানান, নিহতরা সকালে সীমান্তসংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানে আগে থেকে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুপুরে বিস্ফোরণের বিকট শব্দ শুনে স্থানীয়রা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছান এবং তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে সীমান্তে কীভাবে এই স্থলমাইন পুঁতে রাখা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

​এদিকে এ ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিস্ফোরক ও মাইন থাকার গুঞ্জন রয়েছে। ফলে সীমান্তবর্তী সাধারণ মানুষ, বিশেষ করে পাহাড় ও কৃষিজমিতে চলাচলকারী কৃষকদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

​উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য বিস্ফোরক শনাক্তে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তুলেছেন তারা।

​এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘ঘুমধুম সীমান্ত এলাকায় বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

পিএস