বরগুনায় ২ কেজি গাজাসহ দুই কারবারি আটক

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০১:০৮ পিএম
ছবি : প্রতিনিধি

বরগুনা: ঈদের আনন্দঘন পরিবেশের মধ্যেই বরগুনার আমতলীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) রাত ৯টার দিকে উপজেলার  চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া ব্রিজ সংলগ্ন শাহজাহান গাজীর বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার এলাকার মো. আশিক (১৯) এবং মো. ওয়ালিউল্লাহ শাহাবুদ্দিন প্যাদা (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মো. তানজিল আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

হঠাৎ পুলিশের এমন অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা যায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদককারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পিএস