লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন।
অভিযুক্ত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে ও ইউনিয়ন যুবদলের নেতা।
মামলা সূত্রে জানা যায়, ভূক্তভোগী গৃহবধূর স্বামী একজন প্রবাসী। এই সুযোগী আল-আমিন বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তি তার বাড়ির টিনের চালে ইট-পাটকেল ছুঁড়তো। এতে ৯ মাস আগে গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যায়। গত রমজানে তিনি আবার শ্বশুর বাড়িতে যান। এরপর আবারো তাকে কুপ্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি রাজি হননি। ২৮ মে দিবাগত রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগ থেকে ঔঁৎ পেতে থাকা আল-আমিন পেছন থেকে মুখ চেপে ধরে তাকে সুপারি বাগানে নিয়ে যায়। একপর্যায়ে গলায় ছুরি ঠেকিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনা কাউকে জানালে অথবা মামলা করলে ভিকটিমের একমাত্র ছেলেকে হত্যার হুমকিও দেয় অভিযুক্ত।
ভুক্তভোগী গৃহবধূর ভাই বলেন, আমরা অপরাধীর বিচার চাই। অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি পায়।
এ ব্যাপারে বক্তব্য জানতে যুবদল নেতা আল-আমিন ছৈয়ালের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মামলাটি তদন্ত চলছে। এ ঘটনায় এখনো আসামি গ্রেপ্তার নেই। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পিএস