ছাত্রলীগের সমাবেশ: মঞ্জুর-সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে সভা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলম মঞ্জুরসহ ২৯ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

ফটিকছড়ি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল এলাকার মো. জামান বাবু (২৩), একই এলাকার সাইফুল ইসলাম সজিব (২৫) এবং পাইন্দং এলাকার মিনহাজ।

মামলার এজাহারে সাবেক মেয়র মঞ্জুরুল আলম মঞ্জুরকে প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে অন্যতম হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বখতিয়ার সাঈদ ইরান, সাবরিনা চৌধুরী, জসিম উদ্দিন মুহুরী, ফোরকান উদ্দিন বাচ্চু ও মো. জসিমসহ আরও অনেকে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন সকাল সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি থানার একটি টহল দল খবর পায়, উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজিমনগর এলাকায় নাজিরহাট-মাইজভাণ্ডার সড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করছেন। অভিযোগ রয়েছে, মিছিলটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থনে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে করা হচ্ছিল।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে চারটি বাঁশের তৈরি মশাল জব্দ করা হয়।

এজাহারে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, মামলার কয়েকজন আসামির নির্দেশনা ও তত্ত্বাবধানে তাঁরা রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধ হচ্ছিলেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভা ও মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে ৪ জুন রোসাংগিরী ইউনিয়নের মাইজভাণ্ডার-নাজিরহাট সড়কের পাশে সাবেক মেয়র মঞ্জুরের প্রতিষ্ঠিত একটি বিশ্রামাগারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার অভিযোগ ওঠে। পরে এ–সংক্রান্ত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ওই প্রতিষ্ঠানের কেয়ারটেকার আহমদ গণি ৩০ হাজার টাকার বিনিময়ে ছাত্রলীগকে সভাটি করতে দেয়। পরে পুলিশ এসে বিশ্রামাগারের ব্যবস্থাপক আহমদ গনি ও মসজিদের ইমাম মাওলানা ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।