শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে চায়না ইকোনমিক জোন: অর্থমন্ত্রী

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:২৩ পিএম
ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে। এই প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আজকের যে বিনিয়োগ এখানে হয়েছে, এটা আমাদের ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেই লক্ষ্য অর্জনের পথে একটি বড় পদক্ষেপ।

তিনি বলেন, আমরা এক কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছি। এখানে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। এখন ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হচ্ছে। কিন্তু অবকাঠামোসহ সব বিনিয়োগ হিসাব করলে শেষ পর্যন্ত এখানে এক বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, এই অর্থনৈতিক অঞ্চলের সুফল শুধু আনোয়ারায় সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। এখানে বিভিন্ন ধরনের সেবাখাত গড়ে উঠবে, শক্তিশালী সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) তৈরি হবে। সবচেয়ে ভালো লেগেছে জেনে যে এখানে কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে।

পিএস