ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে পড়ে তিনজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০জন। সোমবার (৮ জুন) বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
প্রত্যেক্ষদর্শীরা জানান, “মাধবপুর থেকে ছেড়ে আসা ‘দিগন্ত’ লোকাল বাসটি বৈষামুড়া এলাকায় পৌঁছালে ঢাকা-সরাইল বিশ্বরোডের দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাককে ধাক্কা দেয়।
“এ সময় সড়কে থাকা একটি অটোরিকশাকেও ধাক্কা দেয় বাসটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।”
ওসি আবু তাহের বলেন, নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এ দুর্ঘটনায় আহত ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পিএস