পিরোজপুরে ব্রিজ ভেঙে আলুবোঝাই ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

  • পিরোজপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৩:০০ পিএম
ছবি : প্রতিনিধি

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিউয়নে বেইলি ব্রিজ ভেঙে আলুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পাথরঘাটার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনাসহ বেশ কয়েকটি রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক।
 
বুধবার (১০ জুন) ভোর রাত ৩ টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় মঠবাড়িয়ার তুষখালি এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের আলুবোঝাই ঢাকা থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে আসার একটি ট্রাক ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পরে। এ ঘটনায় সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেইলি ব্রিজটি দেবীপুরসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হ‌ওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালক এবং অসংখ্য পথচারী দুর্ভোগে পড়েছেন। ব্রিজটি বন্ধ থাকায় বিকল্প পথে চলাচল করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ, ফলে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে।

স্থানীয় সোহেল বলেন, আমি ঘুমের মধ্যে গভীর রাতে একটা বিকট শব্দ পেয়েছি। এরপরে এখানে এসে দেখি আলু বোঝাই ট্রাক ব্রিজসহ ভেঙে খালে পড়েছে। এতে সকল ধরনের গাড়ি বন্ধ রয়েছে। ব্রিজটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। 

ইজিবাইক চালক রফিকুল বলেন, আমরা এসে দেখি ট্রাকসহ ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। ভিতরে ২-৩ জন লোক ছিল তাদের কোন ক্ষতি হয়নি। এখন তো যোগাযোগ বিচ্ছিন্ন এ কারণে আমাদের গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। 

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, ঢাকা-পাথরঘাটা মহাসড়কে যে বেইলি ব্রিজটি ভেঙ্গে গেছে সেটির ধারণ ক্ষমতা ছিল ২০ মেট্রিক টন, কিন্তু আলু বোঝাই ট্রাক এর লোড অনেক বেশি ছিল সে কারণে ভেঙে পড়েছে।

এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পড়ার ঘটনায় আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কখন নাগাদ যানচলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে সঠিক করে তিনি কিছুই বলতে পারেননি।

পিএস