রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার বেলা ১১টার দিকে বানেশ্বর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পুঠিয়ার নকুলবাড়িয়া ধোপাপাড়া গ্রামের বাসিন্দা হাসেন প্রামাণিক (৭০) ও তাঁর ছোট ভাই আব্দুল খালেক প্রামাণিক (৬৫)। দুর্ঘটনায় আহত মো. লালন ও মো. লাল্টু নামের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশার চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কিনতে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। বানেশ্বর বাজারে পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক প্রামাণিক মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাসেন প্রামাণিককেও মৃত ঘোষণা করেন।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, নিহত খালেক প্রামাণিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর ভাই হাসেন প্রামাণিকের মরদেহও হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএইচ