বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বগুড়া ডিবি পুলিশের একটি দল গাজীপুরের গাছা এলাকার বোর্ড বাজারে অভিযান চালিয়ে রেজানুর ইসলামকে আটক করে। শুক্রবার তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্র অনুযায়ী, গত ১৫ জুন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দি নিউনেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন একটি মামলা দায়ের করেন। মামলায় পত্রিকাটির সম্পাদক-প্রকাশকসহ মোট ছয়জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু তথ্য বিভ্রান্তিকর, মানহানিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।
বাদীর দাবি, নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়া এসব প্রতিবেদন ও পোস্ট প্রকাশের মাধ্যমে প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগও আনা হয়।
আদালত প্রাথমিক শুনানি শেষে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরবর্তীতে বগুড়া সদর থানা সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর বিভিন্ন ধারা এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করে। তদন্তের দায়িত্ব দেওয়া হয় বগুড়া ডিবি পুলিশের এসআই রহমাতুল্লাহ মানিককে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে সাংবাদিক মহলে ঘটনাটি নিয়ে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এম