ব্যর্থ হতে আসিনি, দেশকে নতুন করে সাজাব: নিতাই রায় 

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি প্রতিনিধি

বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি, এই সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, তাই আমরা ব্যর্থ হব না। আমরা দেশকে নতুন করে ঢেলে সাজাব। ব্যর্থতার জায়গাগুলোকে চিহ্নিত করে জঞ্জাল পরিষ্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করা হবে।

শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন, আর্থিক প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। সেগুলো নতুন করে জাগানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সেই জায়গাগুলোতে কাজ করছি। এ দেশের সংস্কৃতি রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কাজ চলছে।

জেলার শিল্পকলা একাডেমিতে নতুন করে সুস্থ ধারার যাত্রা আবারও শুরু হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিগত দিনের অশ্লীল যাত্রা বাদ দিয়ে জীবনমুখী যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ ও পুলিশ সুপার মিয়া মোহাম্মদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসএইচ