মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দোকানে পানি খাওয়ার গ্লাসকে কেন্দ্র করে সংঘর্ষে কাচের গ্লাসের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহেল মিয়া (৩৪) উপজেলার আলিশারকুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তিনি শহরের সিন্দুরখান সড়কে ভাড়া বাসায় বসবাস করতেন।
গত শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি সিন্দুরখান সড়ক এলাকার ফজর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সোহেল মিয়া সিন্দুরখান সড়কের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় পানি খাওয়ার গ্লাস দেওয়া নিয়ে ইসমাইল মিয়ার সঙ্গে তাঁর কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইসমাইল মিয়া দোকানে থাকা একটি কাচের গ্লাস দিয়ে সোহেল মিয়ার মাথায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে যান। তবে দুপুরের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অনির্বাণ দেব জানান, সোহেল মিয়ার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় পুনরায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ঘটনার পরপরই অভিযান চালিয়ে পৌর শহর থেকে অভিযুক্ত ইসমাইল মিয়াকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, সোহেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং ইসমাইল মিয়াকে আটক করা হয়েছে।
এসএইচ