রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

  • বান্দরবান প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি : প্রতিনিধি

বান্দরবান: ​বান্দরবানের লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি, ভিডিও ধারণ এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে ‘মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে’র ব্যবস্থাপকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) এবং তাঁর সহযোগী মো. হৃদয় (২৮)।

এর আগে গতকাল রোববার (২৮ জুন) সন্ধ্যায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার ও ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন তিন পর্যটক মাতামুহুরী নদীতে নৌকাভ্রমণে বের হয়েছিলেন। যাত্রাপথে এক নারী পর্যটক অসুস্থ বোধ করলে তাঁরা বিশ্রামের জন্য মানিকপুরের কাছে অবস্থিত ‘মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে’ যান। রিসোর্টের কক্ষে প্রবেশ করার পরপরই ব্যবস্থাপক রাশেদ ও তাঁর সহযোগী হৃদয় কক্ষের বাইরে থেকে দরজা আটকে দেন। এরপর আরও সাত-আটজন লোক নিয়ে তাঁরা কক্ষে ঢুকে পর্যটকদের মুঠোফোন কেড়ে নেন।

​ভুক্তভোগী পর্যটকদের অভিযোগ, রিসোর্টের ভেতরে এক নারীকে শ্লীলতাহানি করে সেই দৃশ্য ভিডিও ধারণ করেন আসামিরা। এ সময় ওই পর্যটকদের কানের দুল ও ব্যাগে থাকা ৪৮ হাজার টাকা ও বিকাশে থাকা এক হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয় এবং জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

​এ ঘটনায় পর্যটকদের একজন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে লামা থানায় একটি মামলা দায়ের করেন।

​মামলার বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইসার হামিদ বলেন, ‘মামলার এজাহারভুক্ত তিনজনের মধ্যে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল মঙ্গলবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

পিএস