সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি : প্রতিনিধি

হিলি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি)। যার সিজার মূল্য প্রায় ২ কোটি ২৭ লক্ষ টাকা।

শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মামুনুর রশিদ (৩৫) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

শুক্রবার বিকাল পাঁচটায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের মিলনায়তনে এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. লতিফুল বারী।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটখোলা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত এলাকায় টহলে বের হয়। টহল দলটি সীমান্ত মেইন পিলার ২৮১/৪৭ এস হতে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সালুয়া বিল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মামুনুর রশিদকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিএস