টাঙ্গাইল: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, 'বিগত সময়ে এক দলের শাসন ছিল। কেউ কথা বলতে পারতো না, গুম করে ফেলা হতো। আবারো বাংলাদেশকে এক দলীয় শাসনের দিকে নেয়া হচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) টাঙ্গাইলের সখিপুর উপজেলায় জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি কথাগুলো বলেন।
উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এতে অংশ নেন।
নাহিদ ইসলাম বলেন, ষোলো বছর একদলীয় শাসন করে হেলিকপ্টার দিয়ে আওয়ামী লীগ দিল্লী পালিয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে, বোমা মেরে তারা মনে করেছিল আমাদের পদযাত্রা বন্ধ করবে। সখিপুরবাসী এসব ষড়যন্ত্র ও পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।
এক দলের লুটপাট থেকে আরেক দলের লুটপাটের জন্য জনগণ জীবন দেয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালে আমাদের তরুণরা জীবন দিয়েছে দেশের পরিবর্তনের জন্য। যদি পরিবর্তন না হয়, যদি মাদক থেকে যায়, যদি লুটপাট অব্যাহত থাকে, দুর্নীতি অব্যাহত থাকে তাহলে ঐ আত্মত্যাগের কোনো মূল্য থাকে না। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকদলের লুটপাটের জন্য এদেশের ছাত্র জনতা জীবন দেয়নি।’
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা ন্যায়বিচারের কথা বলেছি। কিন্তু পাঁচ তারিখের পর সারাদেশে মামলা বাণিজ্য হয়েছে। নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে মামলা বাণিজ্য করেছে। আওয়ামী লীগের বিচার করেন, কিন্তু নিরীহ মানুষদের হয়রানি করতে দেয়া হবে না। চাঁদাবাজি, লুটপাট করতে দেয়া হবে না।’
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, সখিপুর উপজেলা এনসিপির আহ্বায়ক ফরিদ উদ্দিন জিয়া, সখিপুর পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী মাওলানা আনসার আলী বক্তব্য দেন।
পিএস