কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৪ শিক্ষার্থীর মৃত্যু

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৪:৫৫ পিএম
ছবি : প্রতিনিধি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদরাসার ৪ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী আটকা পড়েছে। তবে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাৎক্ষণিক দুই শিশুর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-০৩ (ব্লক অ-০৩) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
ক্যাম্পের বাসিন্দা স্বেচ্ছাসেবক রফিক ৪ শিশুর মরদেহ উদ্ধারের কথা জানান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বহু শিক্ষার্থী মাটির নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।’

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্প সূত্রে জানায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের মাদরাসার ওপর পড়ে।

সে সময় মাদরাসায় বহু শিক্ষার্থী পাঠ গ্রহণ করছিল। আকস্মিক পাহাড়ধসে ভবনটি মাটিচাপা পড়ে গেলে ভেতরে থাকা শিক্ষার্থীরা আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ‘দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধার কাজ করছে। ঘটনাস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। উদ্ধার অভিযান এখনো চলছে।’

পিএস