মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবস্থিত দুর্গম হামহাম জলপ্রপাতে আটকা পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় সোমবার বিকেলে তাদের উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০ সদস্যের একটি দল হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। জলপ্রপাতের পিচ্ছিল পাহাড়ি পথ অতিক্রম করার সময় এক শিক্ষার্থী গুরুতর আঘাত পান। এতে আহত সহপাঠীকে নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ফিরতে না পেরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সাহায্য চান।
বিকেল তিনটার দিকে সংবাদ পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ, শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ, কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের প্রচেষ্টায় বিকেল চারটা ৪৫ মিনিটে আটকে পড়া সব পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তিনিসহ ১০ জন শিক্ষার্থীই নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমর উদ্দিন জানান, ৯৯৯ থেকে তথ্য পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সমন্বিত প্রচেষ্টার কারণে দুর্গম পথ হওয়া সত্ত্বেও সবাইকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, চিকিৎসাসেবা নিশ্চিত করার পর পর্যটকরা নিরাপদে ফিরে গেছেন।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফয়েজ আহমদ জানান, বর্ষা মৌসুমে হামহাম জলপ্রপাতের পথ অত্যন্ত ঝুঁকি ও পিচ্ছিল থাকে। পর্যটকদের সতর্ক থাকা, দলবদ্ধভাবে চলা এবং স্থানীয় গাইড সঙ্গে রাখার পরামর্শ দেন তিনি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষায় দুর্ঘটনা এড়াতে আবহাওয়া পর্যবেক্ষণ, নিরাপত্তা সরঞ্জাম সঙ্গে রাখা এবং যেকোনো প্রয়োজনে জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
এসএইচ