নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চান্দু মার্কেটে অবস্থিত মঞ্জু চেয়ারম্যান জামে মসজিদের পুকুর দখলমুক্ত করে মসজিদ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার বিকেলে চান্দু মার্কেট এলাকায় মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লি ও স্থানীয়দের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় ২০ বছর ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী প্রভাব খাটিয়ে মসজিদের পুকুরটি দখল করে রেখেছে। সাবেক উপজেলা চেয়ারম্যানের আত্মীয় ও ইউনিয়ন পরিষদের সাবেক সচিব আনোয়ার হোসেন হেলাল পুকুরটি দখলে নেন। পরবর্তীকালে তিনি শের আলী নামের এক ব্যক্তির কাছে পুকুরটি লিজ দেন। এরপর শের আলী ও তাঁর সহযোগী সোহাগ পুকুরে মাছ চাষ শুরু করেন। মাছের খাদ্য ও রাসায়নিক ব্যবহারের ফলে মুসল্লিরা দীর্ঘদিন ধরে অজু ও গোসলের কাজে পুকুরের পানি ব্যবহার করতে পারছেন না।
অংশগ্রহণকারীরা জানান, পুকুর উদ্ধারে ইতিপূর্বে বিভিন্ন মহলে যোগাযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি। ৫ আগস্টের পর মসজিদ কমিটি পুকুর পুনরুদ্ধারের চেষ্টা করলে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন, ক্যাশিয়ার ইউছুপ জামাল, ইমাম আব্দুল আলিম ও স্থানীয় বাসিন্দা মো. নোমান। তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত পুকুরটি দখলমুক্ত করে মসজিদ কমিটির কাছে হস্তান্তরের জোর দাবি জানান।
অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন হেলাল জানান, তিনি মসজিদের কোনো পুকুর দখল করেননি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান এবং আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা হবে।
অন্য অভিযুক্ত শের আলীও অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বৈধ চুক্তির মাধ্যমেই মাছ চাষ করছেন এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
এসএইচ