রাবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, রেল যোগাযোগ স্বাভাবিক

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ার পর প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠকে অভিযুক্ত ট্রেন টিকিট পরীক্ষককে (টিটিই) সাময়িক বরখাস্ত, দুটি তদন্ত কমিটি গঠনসহ পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে ট্রেনে মারধরের অভিযোগে অভিযুক্ত ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) সুমনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে দুটি কমিটি গঠনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ জুলাই) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, পশ্চিমাঞ্চল রেলওয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের সিদ্ধান্ত শিক্ষার্থীদের জানানো হলে বিকেল সাড়ে ৩টার দিকে তারা রেললাইন থেকে সরে যান। এর ফলে প্রায় আট ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত টিটিই সুমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে রেলওয়ের পক্ষ থেকে একটি বিভাগীয় তদন্ত কমিটি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে আরেকটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া আহত শিক্ষার্থী ফুরকান উদ্দিনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তিনি রেলওয়ে হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন, পাশাপাশি ইচ্ছা করলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ থাকবে।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত যৌক্তিক দাবিগুলোর বিষয়ে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তারা আশা করছেন, তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও পাওয়া গেছে। এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে অভিযুক্ত টিটিইর শাস্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চার দফা দাবির বাস্তবায়নের দাবিতে রাবির শিক্ষার্থীরা রাজশাহী রেলস্টেশনের কাছে রেললাইন অবরোধ করেন। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় আট ঘণ্টা বন্ধ থাকে। বিভিন্ন স্টেশনে আন্তঃনগর ও লোকাল ট্রেন আটকা পড়ে এবং শত শত যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।

পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু হয় এবং রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে আসে।

পিএস