পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপি সরকার কৃষক কার্ডসহ অসংখ্য কার্ড চালু করেছে। আমাদেরও একটা কার্ড চালু করতে হবে, যার সম্মিলিত নাম হবে ‘জুলাইয়ের গাদ্দার কার্ড’।
সোমবার (২০ জুলাই) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকারের এই কার্ডগুলো পাওয়ার প্রধান শর্ত হচ্ছে ছাত্রদল, যুবদল বা বিএনপি করা। এমনকি যে মানুষ মারা গেছে, তার নামেও তারা কৃষি কার্ড বিতরণ করছে।
ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমাদেরও তাহলে একটা কার্ড চালু করতে হবে, যার সম্মিলিত নাম হবে ‘জুলাইয়ের গাদ্দার কার্ড’।’
তিনি বলেন, এই কার্ডের কয়েকটি শাখা থাকবে— যুবদলকে দেওয়া হবে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে দেওয়া হবে ‘টেন্ডারবাজ ও চাঁদাবাজি কার্ড’ এবং বিএনপিকে দেওয়া হবে ‘ভারতীয় দালাল কার্ড’।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের উত্তরবঙ্গের সন্তান। তিনি দেশে এসে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করে হত্যাকারীদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ বিএনপি ক্ষমতায় যাওয়ার পাঁচ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের মুখ থেকে এই বিচার নিয়ে একটি শব্দও শোনা যায়নি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে ছেলেটি (হাদী) বাংলাদেশের আজাদী, স্বাধীনতা এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিল, তার রক্তের ওপর দাঁড়িয়ে তারা আমাদের ‘জুলাই ব্যবসায়ী’ বলে কটূক্তি করছে। অথচ তারা নিজেরা ইয়াবা ব্যবসায়ী, টেন্ডার ব্যবসায়ী ও দখলদার হিসেবে নিজেদের পরিচয় স্পষ্ট করেছে।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিক মুজাহিদ এমপি এবং পঞ্চগড় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পিএস