নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় মাসু মিয়া (২৮) ও রাহুল (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২২ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার উদ্দেশ্যে জড়ো হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়দের তথ্য ও পুলিশের তদন্তে অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য-সমর্থক এবং সরকারবিরোধী কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিল বলে অভিযোগ করা হয়।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলো- সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ও থানা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবসহ ১৮ জন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর মাসুদ মিয়া ও রাহুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএইচ