ইয়াবাসহ আটক ব্যক্তি আওয়ামী লীগ নেতা, জামায়াতের নয়

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানীতে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাফিজ উল্লাহকে আটক করেছে কোস্ট গার্ড। ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের এই বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের নেতা বলে ভিডিও ভাইরাল করা হয়েছে। গ্রেপ্তার হাফিজ উল্লাহ মূলত আওয়ামী লীগ নেতা ছিলেন। 

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইনানী স্টেশন কোস্ট গার্ডের একটি দল শুক্রবার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী বাসে অভিযান পরিচালনা করে। এ সময় ৬৬ বছর বয়সী এই বয়োজ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতাকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে ধরে ফেলে আভিযানিক দল। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়ার মৃত তৈয়ম গোলালের ছেলে হাফিজ উল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি। ভদ্রতার আড়ালে দীর্ঘ দিন ধরে তিনি ও তাঁর পরিবার এই অপরাধের সঙ্গে যুক্ত।

এর আগেও ২০২৩ সালে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকায় র‍্যাব-৭-এর হাতে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবাসহ আটক হয়ে কারাভোগ করেছিলেন তিনি। দীর্ঘ দিন ধরে অপরাধ আড়াল করার অপচেষ্টা চালানো হলেও অবশেষে আবারও কোস্ট গার্ডের জালে ধরা পড়লেন সাবেক এই শাসকদলীয় নেতা।

এসএইচ