বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভোলা জেলার মানিকেরহাট এলাকার জহির উদ্দিনের ছেলে মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বগালেকে ভ্রমণে আসে ১০ সদস্যের একটি পর্যটক দল। দলের আটজন রাতযাপনের জন্য বগালেকের একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার স্থানীয়দের নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে কেউক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে ফেরার পথে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকার একটি খাড়া ও আঁকাবাঁকা ঢাল বেয়ে নামার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে যান। ঘটনার পর তাদের খোঁজ না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাত প্রায় ১২টার দিকে কয়েক ফুট গভীর খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ওসি মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
পিএস