বগুড়ায় পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০১:৩১ পিএম
ছবি : প্রতিনিধি

বগুড়া: বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের একজনের নাম লুৎফর রহমান। বাকিদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁয় মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে পিকআপটি বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন।

খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং কাহালু থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান। অন্যদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পিএস