পিরোজপুরের জিয়ানগরের টগড়া-চরখালী ফেরিঘাটের টগড়া প্রান্তে ফেরিতে উঠতে গিয়ে কঁচা নদীতে পড়ে যাওয়া পিকআপটি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু পানিতে ডুবে মারা গেছে। দুর্ঘটনায় গরুর মালিক ও পিকআপ চালক আহত হয়েছেন।
সাতক্ষীরা থেকে গরু নিয়ে বরগুনার উদ্দেশ্যে যাওয়ার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় জিয়ানগরের টগড়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পিকআপটি ফেরিতে ওঠার সময় সামনের অংশ ফেরিতে পৌঁছালেও পেছনের অংশ বাইরে ছিল। এ সময় ফেরি ঘাট থেকে ছেড়ে যেতে শুরু করলে পিকআপের পেছনের একটি চাকা ফেরির বাইরে পড়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে গাড়িটি কঁচা নদীতে পড়ে যায়।
পিকআপের চালক রুবেল অভিযোগ করে জানান, ফেরিতে দায়িত্বরত এক কর্মচারীর ইশারায় তিনি গাড়ি নিয়ে উঠতে শুরু করেন। কিন্তু গাড়িটি পুরোপুরি ওঠার আগেই ফেরি চালু দেওয়ায় পেছনের চাকা ফেরির বাইরে চলে যায় এবং মুহূর্তেই পিকআপটি নদীতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা গরুটি পানিতে ডুবে মারা যায়। দুর্ঘটনায় গরুর মালিক মোহাম্মদ রুবেল ও পিকআপ চালক পানিতে পড়ে গুরুতর আহত হন। তবে কিছুক্ষণ পর তাঁরা সাঁতরে ওপরে উঠতে সক্ষম হন। খবর পেয়ে জিয়ানগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, পিকআপটি যখন উঠতে চেয়েছিল তখন ফেরি কর্তৃপক্ষ সংকেত দিয়েছিল। কিন্তু চালক ভেবেছিলেন উঠে যেতে পারবেন। এর মধ্যে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং পরে আবার গাড়ি স্টার্ট দিলে ফেরিতে উঠতে পারেনি। এ ছাড়া পিকআপটি যার, তিনি নিজেই নদী থেকে সেটি উঠিয়ে নিয়েছেন।
জিয়ানগর (ইন্দুরকানী) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারও কোনো গাফিলতি পাওয়া গেলে তাঁকে আইনের আওতায় আনা হবে।
এসএইচ