চুরি করতে গিয়ে সাবেক কৃষক দল নেতা আটক

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০৪:৫৫ পিএম
ছবি : প্রতিনিধি

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে চুরির অভিযোগে সুমন সরকার (৪০) নামে স্বরূপকাঠি পৌর কৃষক দলের বহিষ্কৃত এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। 

শনিবার (৮ আগস্ট) রাত ৯ টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয়দের দাবি, একটি বাড়ির তালা ভেঙে চুরি করার সময় সুমন সরকারকে হাতেনাতে আটক করা হয়। পরে হাত-পা বেঁধে একটি অটোরিকশায় করে তাঁকে থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন সরকারের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে। তাঁর কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সুমন সরকার স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল সরকারের ছেলে। তিনি স্বরূপকাঠি পৌর কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর গত ১৮ জুলাই পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা দলীয় প্যাডে তাঁকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সেলিম ভূঁইয়া বলেন, গত শুক্রবার একটি বাড়িতে সুমন চুরি করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে শনিবার সন্ধ্যায় তাঁকে রাস্তায় পেয়ে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কৌশলে সেখান থেকে সরে যান। রাতে নতুন করে অন্য একটি বাড়িতে গিয়ে তালা ভেঙে চুরি করার সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান আজ রোববার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চুরির অভিযোগে স্থানীয় বাসিন্দারা সুমনকে আটক করে থানায় দিয়ে গেছেন। তাঁর কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চুরির মামলা প্রক্রিয়াধীন।’

পিএস