ভুরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার ১৭

  • কুড়িগ্রাম প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ০৮:১২ পিএম
ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সহিদুল ইসলাম (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ সেতু সংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সহিদুল ইসলাম ওই এলাকার আব্দুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় আট শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে কয়েক দফা সালিস ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শুনানির চেষ্টা করা হলেও বিষয়টির সমাধান হয়নি।

নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে শুক্কুর আলীসহ কয়েকজন বিরোধপূর্ণ জমিতে হালচাষ করে রোপা আমন ধান রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সহিদুল ইসলাম ও তাঁর স্বজনেরা সেখানে গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় সহিদুল ইসলামকে মাছ ধরার সরঞ্জাম হিসেবে ব্যবহৃত কোঁচ দিয়ে আঘাত করা হয় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এরপর পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান চালানো হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। আজ তা মারাত্মক সংঘর্ষে রূপ নেয় এবং একজন নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারি ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়ার পর আসামির প্রকৃত সংখ্যা নির্ধারণ করা যাবে। স্থানীয় লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী, আরও দুই থেকে তিনজন ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পিএস